সাবেক ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে স্পিডবোটযাত্রীকে ধর্ষণের অভিযোগ

ভোলাভোলার মনপুরা উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার চর পিয়ালে এক চরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ ও একজনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে শনিবার রাতে মনপুরা থানায় মামলা করেছেন।
যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলো−স্পিডবোটের মালিক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০), মো. বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাশেদ পালোয়ান (২৫), মো. শাহীন খান (২২) ও মো. কিরণ (২৬)। ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার আসামি হলো স্পিডবোটের চালক মো. রিয়াজ।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘চরফ্যাশনের দক্ষিণ আইচায় বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল, রাসেদ পালোয়ান, শাহীন খান ও কিরণ জোর করে বোটটি পাশের নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে যায়। পরে একটি বাগানে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে।
ওসি আরও জানান, পরে বোটের মালিক নজরুল আরেকটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায়। ওই সময় নজরুল ধর্ষণের অভিযোগ ওঠা চার যাত্রীকে মারধর করে তাদের কাছে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর নজরুল নিজে ওই গৃহবধূকে আবার চরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের বাথানিয়ারা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর পিয়াল থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।