বরিশালে ৯ একর সরকারি জমি উদ্ধার

 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানবরিশাল গণপূর্তের সাড়ে ৯ একর জমি উদ্ধার করা হয়েছে। এ সময় ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া ঘরগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ছিল।

রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে সদর উপজেলার তালতলী বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। তার আগে বৃহস্পতিবার ওই এলাকায় মাইকিং করে দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। 

আল্টিমেটাম পেয়ে প্রায় সব ব্যবসায়ী তাদের মালামাল সরিয়ে নেয়। আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় তিনটি ছাড়া অন্যান্য আধাপাকা স্থাপনা স্বেচ্ছায় ভেঙ্গে দেয় দখলদাররা। রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই তিনটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 

বরিশাল গণপূর্তের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিবার গুদা জানান, দখল করা জমিতে মোট ৮৮টি আধাপাকা ও কাঠের স্থাপনা ছিল। তার মধ্যে ৭৫টি ছিল ব্যবসা প্রতিষ্ঠান। ১৩টিতে ছিল আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় এবং বসতঘর। উচ্ছেদ শেষে সেখানে কাঁটা তারের বেড়া দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে গণপূর্তের আবাসিক ভবন নির্মাণ করা হবে।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহত হোসেন সুরুজের নেতৃত্বে সাড়ে ৯ একর জমি দখল করা হয়েছিল। সেখানে আধাপাকা স্থাপনা করে মাছের বাজার, বালু খোলাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়।