কুরিয়ার সার্ভিস থেকে ২০০ কেজি পলিথিন উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড

 

কুরিয়ার সার্ভিস থেকে ২০০ কেজি পলিথিন উদ্ধার

বরিশাল নগরীর ক্লাব রোডের জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ২শ কেজি পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের ম্যানেজার লোকমান হোসেনকে এক মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম।

শুক্রবার দুপুরে পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২শ কেজি পলিথিন উদ্ধার করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পরিবহন ও মজুত করার অপরাধে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার লোকমানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।