জেলা প্রশাসনকে আইনজীবী সহকারীদের আল্টিমেটাম

আইনজীবী সহকারী সমিতির সংবাদ সম্মেলনবরিশাল জেলা প্রশাসকের রেভিনিউ রেকর্ড রুম থেকে বিভিন্ন মামলার সহিমোহর নকল তুলতে বাধা দেওয়াসহ বেআইনিভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আল্টিমেটাম দিয়েছে আইনজীবী সহকারী সমিতি। সমস্যার সমাধান না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল আদালত পাড়ায় জেলা আইনজীবী সহকারী সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি এসএম আনিছুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী যেকোনও আদালতে মামলা পরিচালনার করতে মক্কেলের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পর্চার সহিমোহর নকল তুলতে আইনজীবী সহকারীরা কাজ করেন। শুধু বরিশাল জেলা প্রশাসকের রেভিনিউ রেকর্ড রুমে তাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী আবেদন করলেও সেখানকার কিছু কর্মচারী জেলা প্রশাসককে ভুল বুঝিয়ে তাদের কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে।

এ সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কাছে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। সামাধান না পেয়ে গত বছর জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত সমাধান পাননি তারা। উপরন্তু আইনজীবী সহকারীরা রেভিনিউ রেকর্ড রুমে কাজের জন্য গেলে সেখানের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনা কারণে সাজা দেন। এ সমস্যা সমাধানে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা।