বুকে ব্যথা-শ্বাসকষ্ট নিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠিঝালকাঠির নলছিটি উপজেলায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। সে এবার এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিল।

করোনার উপসর্গ থাকায় ওই ছাত্রীর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুনীবুর রহমান জুয়েল।

নলছিটি গার্লস স্কুলের শিক্ষক মিলনকান্তি দাস জানান, ১৬ বছরে ওই ছাত্রী বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত্য ঘোষণা করেন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল, চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। কিন্তু করোনা সংকটে এসএসসির ফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। ওই ছাত্রীর মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুনীবুর রহমান জুয়েল বলেন, ‘হৃদক্রিয়া বন্ধে মেয়েটির মৃত্যুর কারণ বলেই আমরা প্রাথমিক ধারণা করছি। তবে বর্তমান পরিস্থিতিতে সে করোনায় আক্রান্ত হয়েছিল কিনা তা নিশ্চিত হতে মেয়েটির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হতে পারবো।’