বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫১ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার (৬ মে) রাত তার ১০টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর এলাকায়।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, বুধবার রাত ৯টার দিকে ওই রোগীকে তার স্বজনরা মেডিক্যালে আনেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির এক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যু হয়। ভর্তির সময় ওই রোগীর জ্ঞান ছিল না। রোগীর স্বজনদের উদ্ধৃতি দিয়ে পরিচালক আরও বলেন, বেশ কিছুদিন ধরে ওই রোগী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তার নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্সের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বুধবার বিকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ ও বহির্বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই নার্সের বাসার আশেপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সায়্যিদ আমরুল্লাহ বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র এক স্টাফ নার্সের (৪৫) নমুনা পরীক্ষা করা হয়। বুধবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ ও বহির্বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি বিভাগ চালু রাখা হয়েছে।