সাহায্য চেয়ে ঘরে আশ্রয় নিয়ে বৃদ্ধাকে ধর্ষণ

অভিযুক্ত জাকিরবরিশালের বাবুগঞ্জের উত্তর আগরপুর গ্রামে পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক জাকির সিকদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের খালেক সিকদারের ছেলে।

বুধবার (২৪ জুন) বিকালে আদালতের মাধ্যমে জাকিরকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বৃদ্ধার ছেলে ও মামলার বাদী জানান, পরিবারের সবাই ঢাকায় থাকায় ওই বৃদ্ধা বাড়িতে একা থাকতেন। এই সুযোগে প্রায়ই মাদকাসক্ত জাকির ও তার সহযোগীরা বাড়ির পাশের তাসের আড্ডা বসাতো। সেখানে জুয়া ও মাদকসেবন করতো তারা। এই কারণে জাকিরকে বকাঝকা করেন ওই বৃদ্ধা। এতে ক্ষিপ্ত হয় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া না দেখালেও কৌশলে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে জাকির। সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে পূর্বের সকল ঘটনার জন্য ক্ষমা চায় জাকির। এই সময় পুলিশ তাকে ধাওয়া করেছে বলে বাড়িতে থাকার আশ্রয় চায়। এরপরে রাত ২টার দিকে জাকির তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে আগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে খবর পেয়ে বাড়িতে ফিরে মামলা করেন বৃদ্ধার ছেলে।

ওসি মিজানুর রহমান জানান, গত ২৩ জুন (মঙ্গলবার) রাতেই আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে গৌরনদীর সরিকল এলাকা থেকে ধর্ষক জাকিরকে গ্রেফতার করে। পাশাপাশি ভিকটিম বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে বৃদ্ধার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। অন্যদিকে জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।