আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় বরিশাল মহানগর ছাত্রদল নেতা ফিরোজ খান ও তার ভাই মিরাজ খানের বাসায় গিয়ে তাদের বিধবা মায়ের সঙ্গে দেখা করেন মহানগর বিএনপির নেতারা। এ সময় তারা ওই পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন এবং গুম হওয়া ফিরোজ ও মিরাজের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যরা।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ এপ্রিল ঢাকার মিরপুরে একটি খাবারের হোটেল থেকে সাদা পোশাধারী চার থেকে পাঁচ ব্যক্তি ছাত্রদলকর্মী মিরাজ খানকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। এর চার মাস পর ২৪ আগস্ট চট্টগ্রাম ঈদগাহ এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ব্যক্তিরা তার ভাই ফিরোজকেও তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনও সন্ধান পাওয়া যায়নি।