ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে উত্তাল বরিশাল নগরী। বুধবার সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টাউন হলের সামনে গণঅবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী আলিমুজ্জামান মেশকাত, তানভীর আহসান নাসিফ, মো. আজমান ও মাসরুফ আল নাফিজ। বক্তারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। গণঅবস্থান ও মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সাগর দাস আকাশের সভাপতিত্বে বক্তব্য রখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমান ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীসহ অন্যরা। বক্তারা সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। তারা ধর্ষন ও নারী নির্যাতনে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে একই দাবিতে ছাত্রফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ৯টায় একই দাবিতে সাইকেল র্যালি বের করে লাল সবুজ সোসাইটি। র্যালিটি নগরীর টাউন হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।