ঝালকাঠির রাজাপুরে আইরিন আক্তার কবিতা (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতেই কবিতার বাবা মো. ইউনুস ভূঁইয়া বাদী হয়ে কবিতার স্বামী মিরাজ আকনকে (২২) আসামি করে রাজাপুর থানার মামলা দায়ের করেন। পুলিশ রাতেই মিরাজকে গ্রেফতার করেছে।
রাত সাড়ে ৯টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইরিন আক্তার কবিতা উপজেলার হাইলাকাঠি গ্রামের মো. মিরাজ আকনের স্ত্রী ও একই গ্রামের মো. ইউনুস ভূঁইয়ার কন্যা।
মামলা সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে একই গ্রামের আব্দুস ছালাম আকনের বড় পুত্র মিরাজ আকনের সঙ্গে কবিতার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। কবিতা বাবার বাড়িতে বেড়াতে যাবে এ নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে কবিতার বাবার বাড়িতে জানানো হয় কবিতা অসুস্থ। বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের কাছে জানতে পারে কবিতাকে তার স্বামী মারধর করেছে। এ সময় কবিতা অজ্ঞান ছিল। অজ্ঞান অবস্থায় তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আবুল খায়ের মাহমুদ বলেন, কবিতাকে মৃত অবস্থায় মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। তবে তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে কবিতার দেহে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।