বরিশালে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ

প্রতিবাদ সমাবেশে ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বরিশাল নগরীর টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ওলামায়ে মাশায়েক ও সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এ সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে দ্রুত সংসদ অধিবেশ ডেকে ফ্রান্সের প্রতি তীব্র নিন্দা পাস, ফ্রান্সের পণ্য বর্জন, দেশের পাঠ্য পুস্তকে হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী লিপিবদ্ধকরণ প্রভৃতি।  

বাজার রোড খাজা মাঈনুদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হাদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মুফতি মাহমুদুর রহমান মাহবুব, মাওলানা আব্দুর রব ও আবি আব্দুল্লাহসহ অন্যরা। 

অন্যদিকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর কুশপুত্তলিকা দাহ করে তাকে ক্ষমা চাওয়ার জন্য শ্লোগানে শ্লোগানে সদর রোড প্রকম্পিত করে তোলেন।

পরে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে ফিরে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।