ইন্টার্ন চিকিৎসকদের দুঃখ প্রকাশ

সংবাদ সম্মেলনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকধর্মঘট প্রত্যাহারের ৬ দিন পর রোগীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় হাসপাতালের সন্ধানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দুঃখ প্রকাশ করা হয়।   

সংবাদ সম্মেলনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সজল পান্ডে লিখিত বক্তব্যে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে হাসপাতালসহ সারা দেশের চিকিৎসকদের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হয়েছেন। এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।  

হাসপাতালের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা এবং রোগীদের স্বার্থে যে কোনও ত্যাগ স্বীকার করতে ইন্টার্ন চিকিৎসকরা প্রস্তুত। এছাড়া মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খান ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে যে ঘটনা (হামলা) ঘটেছিল তাকে অনাকাংখিত উল্লেখ করে এ ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. তরিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে হাসপাতালের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেন। পরদিন ২২ অক্টোবর পরিচালকের কাছে ডা. মাসুদ খানের বিরুদ্ধে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন বাণিজ্যের পাল্টা লিখিত অভিযোগ করেন ইন্টার্ন চিকিৎসকরা।

এরপর ৩০ অক্টোবর ডা. মাসুদ বাদী হয়ে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলা প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে ৩১ অক্টোবর দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। ৪ দিনের মাথায় ৩ নভেম্বর দুপুর ২টায় হাসপাতাল প্রশাসনের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করেন।