পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

 

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কড়ক জেলায় হিন্দু মন্দিরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মেয়েদের ধর্মান্তরিত করাসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সম্পত্তি জবর দখলের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

শনিবার ( ৯ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সভাপতি মণ্ডলীর সদস্য তপন কর্মকার, সভাপতি মণ্ডলীর সদস্য মংখান তালুকদার, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাড. তারক চন্দ্র সাহা, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী এবং ইস্কন‘র সেবায়েত শ্রী আল্লাদ গোবীন্দ দাস বহ্মচারী প্রমুখ।

এসময় বক্তরা দেশের হিন্দু সংখালঘুদের ওপর নির্যাতন ও জমিজমা দখলসহ নানা অপরাধ বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টারপাড়া হিন্দু সমাজ গৃহ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।