বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

পারিবারিক কলহের জেরে বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ওলিউল্লাহর (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে।

স্থানীয়রা জানান, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তারের ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। প্রায়ই পারিবারিক কলহের বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতো। এরই জের ধরে লোহার পাত দিয়ে সকালে পিটিয়ে স্ত্রীকে অজ্ঞান করে ফেলেন ওলিউল্লাহ। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে মৃত দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একইসঙ্গে পালিয়ে যাওয়ার সময় রাবেয়ার স্বামীকে আটক করেছে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্বামী ওলিউল্লাহকে আটক করা হয়েছে। তদন্ত চলমান আছে পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে বলে জানান তিনি।