কলাপাড়ায় যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ২

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে যুবককে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিপাড়া থেকে রবিউল ইসলাম (২৫) এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম কুয়াকাটায় জঙ্গল থেকে ইলিয়াসকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে, ঘটনার চার দিন পার হলেও পুলিশ অপহৃত রায়হানকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয়রা জানান, মহিপুর ইউনিয়নের মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে রায়হান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে শ্বশুর বাড়ি তালতলী রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রায়হানের পিতা কাশেম মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে লতাচাপলীর ফাঁসিপাড়া গ্রামের নেছার সিকদারের ছেলে কিশোর গ্যাং নেতা ইমাম শিকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা নির্দয় নির্যাতন চালায় বলে উল্লেখ করা হয়। মহিপুর থানা পুলিশ নির্যাতনকারীদের ভিডিওর মাধ্যমে শনাক্ত করে।

রায়হানের বাবা আবুল কাশেম মিয়া জানান, স্থানীয় শাহজাহান শিকদারের মাধ্যমে শুক্রবার ফেসবুকে একটি ভিডিও দেখতে পান তিনি। ভিডিওটিতে দেখা যায়, রায়হানকে গাছের সঙ্গে হাত বেঁধে একটি নির্জন বনের মধ্যে ইমাম শিকদারের নেতৃত্বে ৪-৫ জন যুবক বেধড়ক পেটাচ্ছে। তিনি বলেন ‘ইমাম সিকদার মেবাইল ফোন করে আমাকে হুমকি দিয়ে বলেছে, বেশি বাড়াবাড়ি করলে ছেলের অবস্থা আরও খারাপ হবে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রায়হানকে উদ্ধার চেষ্টার পাশাপাশি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।