শপথ নিলেন ৪ পৌর মেয়র ও ৪৭ কাউন্সিলর

চতুর্থ ধাপে অনুষ্ঠিত বরিশাল বিভাগের ৪টি পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র ও ৪৭ কাউন্সিলরের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) বেলা ১২টায় দুই ধাপে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশালের পরিচালক সোহরাব হোসেন এবং বিভাগের ৪টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪র্থ ধাপের পৌর নির্বাচনে জয়ী হওয়া বরিশালের বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, মুলাদী পৌরসভার মেয়র মো. শফিকউজ্জামান, ঝালকাঠীর নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার।

পরে ৪ পৌরসভায় নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ৪৭ কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান তিনি।
বিভাগীয় কমিশনারের একান্ত সচিব পিয়াস চন্দ্র দাস জানান, একটি মামলায় কারান্তরীণ থাকায় বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম আকবর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।