জাল জন্ম সনদে বাল্যবিয়ের চেষ্টা, কনের মা গ্রেফতার

জাল জন্ম সনদ তৈরি করে বাল্য বিয়ে দেওয়ার সময় মাদ্রাসা ছাত্রীর মাকে গ্রেফতার ও মামাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরের অভিভাবককে মোবাইল করে বিয়ে বাড়িতে না আসার জন্য বলা হলে বিয়ে পণ্ড হয়ে যায়।

রবিবার (১৪ মার্চ) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কনের মাকে গ্রেফতার করা হলেও মামা মেহেদী হাসান কুদ্দুসকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদ সচিব নাসির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার বাদী ইউপি সচিব জানান, স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্রীর সঙ্গে পাশের কালকিনি উপজেলার বনগ্রামের সেলিম বেপারীর রবিবার দুপুরে বিয়ে দিন ধার্য করা হয়। বরযাত্রী আসার আগে খবর আসে ওই মেয়ের বয়স সর্বোচ্চ ১২ বছরের ওপরে নয়। তবে তার বয়স ১৮ বছর দেখিয়ে বিয়ে দেওয়া হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স গৌরনদী মডেল থানার একদল পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন। এ সময় কনের বয়সের প্রমাণপত্র হিসেবে কনের মামা জন্ম সনদ প্রদর্শন করেন। এরপর অনলাইনে সার্চ দিয়ে দেখা যায় ওই সনদটি জাল। ওয়েবসাইটে থাকা জন্ম সনদের সঙ্গে প্রদর্শিত জন্ম সনদের কোনও মিল নেই। পরবর্তীতে কনের মা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ওই জাল জন্ম সনদ বানিয়েছেন বলে স্বীকার করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, জাল জন্ম সনদ তৈরির অপরাধে কনের মাকে আসামি করে গৌরনদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন ইউপি সচিব। আর বিয়েতে সহযোগিতার জন্য কনের মামাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার আরও জানান, মোবাইলে বরের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে কনের জাল জন্মসনদের বিষয়টি অবহিত কিনা জানতে চাওয়া হয়। এ সময় সেখানে থেকে উত্তর আসে তারা কিছুই জানেন না। এরপর তাদেরকে বাল্যবিয়ে থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলে বিয়ে বন্ধ হয়ে যায়।