স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার, বাদীকে হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় মো. ইমাম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলা শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৪ মার্চ রাতে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। গ্রেফতার ইমাম হোসেন উপজেলার আজিমপুর গ্রামের মো. শাহজাহান খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, বাবা-মা ওমান প্রবাসী হওয়ায় ওই ছাত্রী নানা বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত ৯ ফেব্রুয়ারি ওই ছাত্রীর নানা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ নানাকে দেখাশুনা করতে ওই ছাত্রীর নানিও হাসপাতালে অবস্থান করেন। পরদিন (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার নিকটাত্মীয় ইমাম হোসেন তাকে ধর্ষণ করেন। ১১ ফেব্রুয়ারি সকালে নানি হাসপাতাল থেকে বাড়িতে এলে তার মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষণের বিষয়টি মাকে জানায় ওই ছাত্রী। বিষয়টি ধামাচাপা দিতে ওই দিনই ছাত্রীর নাম-পরিচয় গোপন করে একটি বেসরকারি ক্লিনিকে অসুস্থ ছাত্রীকে চিকিৎসা করান ইমাম হোসেনের বোন মিতু বেগম। ধর্ষণের ঘটনাটি কাউকে না বলতে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান তিনি। পরে ওমান থেকে ফিরে ওই ছাত্রীর মা ১৪ মার্চ থানায় মামলা করেন।

মামলার বাদী বলেন, ‘আসামির পরিবারের লোকজন প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের স্টেশন রোড থেকে ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার (১৯ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।’