সোনারচর থেকে লোকালয়ে আসা চিত্রা হরিণ উদ্ধার

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও জোয়ারের পানির সঙ্গে পটুয়াখালীর সোনারচর থেকে চরমোন্তাজ লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৭ মে) বিকালে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি কুকুর হরিনটিকে ধাওয়া দিচ্ছিল। এ সময় হরিণটি একটি ঘরে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা হরিণটিকে উদ্ধার করে চরমোন্তাজ বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা নয়ন মেস্তুরী জানান, ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হরিণটি বেস্টিনের মাঝেরচর বন থেকে লোকালয়ে চলে আসে। হরিণটিকে চিকিৎসা শেষে সোনারচর বনে অবমুক্ত করা হবে।

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘হরিণটি বর্তমানে বনবিভাগের হেফাজতে চিকিৎসাধীন আছে। পরিপূর্ণ সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।’