পটুয়াখালীতে জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে যায় হাসিনা বেগম (৫০) নামের এক নারীকে। আধাঘণ্টা পর লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে লোহালিয়া নদী প্রান্তে এ ঘটনা ঘটে। হাসিনা সন্তোষপুর গ্রামের মৃত মো. হাফেজ হাং এর স্ত্রী।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাফর উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। হাসিনা বেগমের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘জোয়ারের পানি আসতে দেখে হাসিনা গরু আনতে লোহালিয়া নদীর কাছে যায়। গরু নিয়ে বাড়ি আসর সময় জোয়ারের পানিতে তিনি ভেসে যান। এর আধাঘণ্টা পর ঘটনাস্থল থেকে একটু দূরে লোহালিয়া নদীতে স্থানীয়রা তাকে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘হাসিনা খুবই অসহায় ছিলেন। ৩০ বছর আগে পাঁচ কন্যা সন্তান রেখে তার স্বামী হাফেজ হাং মারা যান। হাফেজ হাংয়ের তেমন অর্থ-সম্পদ ছিল না। অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছেন ওই নারী।’
দুমকি হাসপাতালের চিকিৎসক ডা. মোমেন বলেন, ‘হাসপাতালে আসার আগেই হাসিনার মৃত হয়েছে।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই গ্রামটি পানিতে তলিয়ে থাকায় ট্রলার নিয়ে তারা যাচ্ছে।’