ঘুরতে বেরিয়ে দুই বন্ধু লাশ

বরিশাল নগরীর সাগরদী আমতলার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩২) ও তার বন্ধু মো. উজ্জল (৩৮)। মঙ্গলবার (১০ আগস্ট) আসরের পর কাউনিয়া সেকশন মাঠে জানাজা শেষে আমানতগঞ্জ কাজীর গোরস্থানে তাদের দাফন করার কথা রয়েছে।  

নিহত রুবেল কাউনিয়া পুলিশ সেকশন এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং উজ্জল কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আব্দুর রবের ছেলে। উজ্জল চট্টগ্রামে চাকরি করতেন। লকডাউনে বরিশালে চলে আসেন। বুধবার (১১ আগস্ট) তার কর্মস্থলে যাওয়ার কথা ছিল। নিহতরা বিবাহিত। তবে রুবেলের কোনও সন্তান নেই। উজ্জল দুই সন্তানের বাবা।

নিহতদের বন্ধু মেহেদী হাসান জানান, চট্টগ্রাম যাওয়ার আগে সোমবার গভীর রাতে দুই বন্ধু অপর এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে নগরীতে ঘুরতে বের হন। আমতলার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুই জন ছিটকে সড়কের মধ্যে থাকা ডিভাইডারের ওপর আছড়ে পড়েন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।পরিবারের অনুরোধে বেলা ১১টায় কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ যার যার পরিবারের কাছে হস্তান্তর করে।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়। মেডিক্যালে আনার পর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।