শুরু হলো আন্তর্জাতিক জলচর পাখি গণনা কার্যক্রম

জলচর পাখি গণনাকারী স্বেচ্ছাসেবী দল

দ্বীপ জেলা ভোলা থেকে আন্তর্জাতিক জলচর পাখি গণনা শুরু হয়েছে। বন্যপ্রাণি গবেষক ও পাখি রিংগার সামিউল মোহসেনিনের  নেতৃত্বে বাংলাদেশ বার্ড ক্লাব (বিবিসি), নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকন) এবং চ্যানেল আই-এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৯ সদস্যের একটি দল এই গণনা অভিযান শুরু করে।

শুক্রবার কুয়াশা ভরা সকালে একটি মাছ ধরার ট্রলারে চড়ে  ভোলার খেয়াঘাট থেকে যাত্রা শুরু করে দলটি। ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও পটুয়াখালী জেলার উপকূলীয় পাখিসমৃদ্ধ পঁচিশ-ত্রিশটি চরে (মনপুরা, হাতিয়া, চর-বারি, নিঝুম দ্বীপ, দমার-চর, চর-শাহজালাল ও ঢাল-চর প্রভৃতি) সপ্তাহব্যাপী চলবে পাখি গণনার কাজ।

১৫ জানুয়ারি ঢাকা থেকে দলটি শুক্রবার ভোলা পৌঁছেছে। ২২ জানুয়ারি দলটির ঢাকা ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, জানুয়ারি মাসের ২য় ও ৩য় সপ্তাহে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পৃথিবীর প্রায় সব দেশে জলচর পাখি গণনা করা হয়। ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল নামের একটি আন্তর্জাতিক সংস্থা এ গণনার উপাত্তসমূহ বই  আকারে প্রকাশ করে থাকে যা পৃথিবীর জলচর পাখির গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য হয়।

দলটিতে বন্যপ্রাণি গবেষক সামিউল মোহসেনিন ছাড়াও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান, ড. মো. জাহাঙ্গীর আলম, সানিকার রহমান রাহুল, এসআই সোহেল, সাইফুল ইসলাম, শুভ সাহা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শিহাব খালেদীন এবং বিল্লাল হাওলাদার।

/এনএস/এইচকে/