দুর্নীতির মামলায় ৩০ বছর পর সাবেক পৌর চেয়ারম্যান ও উপ-সচিবের জেল 

৮০ হাজার টাকা আত্মসাতের মামলার ৩০ বছর পর পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী শেখ বাদশা ও সাবেক উপ-সচিব আলাউদ্দিন আহম্মেদকে তিন বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মহসিনুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায়পূর্বক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে নূর উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, পিরোজপুরের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ক্লায়েন্স গোমেজ ১৯৯১ সালের ৮ জানুয়ারি লিয়াকত আলী শেখ বাদশার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন। 

অভিযোগে বলা হয় নিয়ম বহির্ভূতভাবে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১৯৮৫ সালের ২২ জুন দরপত্র আহবান না করে গাড়ি কেনার জন্য রূপালী ব্যাংক পিরোজপুর শাখার হিসাব নম্বর থেকে প্রথমে এক লাখ ৪০ হাজার টাকা এবং একইদিন অপর একটি হিসাব নম্বর থেকে আরও ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়। এক লাখ ২০ হাজার টাকায় টয়োটা গাড়ি কেনার পর বাকি ৮০ হাজার টাকা পৌরসভায় ফেরত না দিয়ে অভিযুক্তরা তা আত্মসাৎ করেন। 

পিরোজপুর জেলা দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা নারায়ণ চন্দ্র দত্তকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্তে লিয়াকত আলী শেখ বাদশা ও পৌরসভার উপ-সচিব আলাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৯২ সালের ২২ মে চার্জশিট দাখিল করেন। ১৪ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন।