নির্ধারিত দিন মঙ্গলবার (২ নভেম্বর) বরিশাল নগরীতে শুরু হচ্ছে না স্কুলশিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন কর্মসূচি। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বলেন, ‘আগামীকাল শিশুদের টিকা দান কার্যক্রম শুরুর বিষয়ে ঢাকার আইইডিসিআর বা স্বাস্থ্য অধিদফতর থেকে কোনও নির্দেশনা আসেনি। তাই নগরীতে টিকাদান শুরু হচ্ছে না।’
তিনি আরও জানান, বিসিসির কাছে টিকা মজুত আছে মাত্র সাত হাজার ডোজ। কিন্তু সিটি এলাকায় ২৬ হাজার শিশু শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছে। এত অল্প সংখ্যক মজুত টিকা দিয়ে এ কার্যক্রম শুরু সম্ভব নয়।
টিকাদান কার্যক্রমের সঙ্গে জড়িত বিসিসির চিকিৎসক ধ্রুব ও মো. ফয়সাল জানিয়েছেন, কার্যক্রম শুরু করতে হলে আরও টিকার প্রয়োজন। ঢাকা থেকে পাঠানোর পর কার্যক্রম শুরু করতে কয়েক দিন বিলম্ব হবে। তবে শিশু শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিচালনার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টিকা দেওয়ার জন্য বরিশাল ক্লাব মিলনায়তনকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।