পিকনিকের বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জুতা ব্যবসায়ী নিহত

কুয়াকাটা-বরিশাল মহাসড়কে পিকনিকের বাসের ধাক্কায় শামীম বিশ্বাস (৩৫) নামের এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর বাসস্ট‌্যান্ড এলাকায় দুর্ঘটনাটি হয়। এতে নিহত শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করে থানা নিয়ে এসেছে। তবে পালিয়ে গেছে চালক ও হেলপার।

শামীম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কাছিছিরা গ্রামের বাসিন্দা সোহরাব বিশ্বাসের ছেলে। জেলা শহরের পৌর নিউমাকের্ট চত্বরে সততা সুজের মালিক ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পটুয়াখালী পৌর শহরের দিকে যাচ্ছিলেন। বদরপুর বাস স্ট্যান্ডের লিংক রোড থেকে মহাসড়কে ওঠার সময় বরিশাল থেকে আসা পিকনিকের জন্য রিজার্ভ একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় শামীম সড়কের পাশের খাদে ছিটকে পড়ে মাথা ও শরীরে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ব্যবহৃত মটরসাইকেলটি আগুন লেগে পুড়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বগুড়া থেকে পিকনিকের যাত্রী নিয়ে কুয়াকাটায় যাচ্ছিল এসআই ট্রাভেলস পরিবহনের বাসটি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।