প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘বাংলাদেশের যা কিছু সাফল্য ও অর্জন তার সবই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আজ বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, এ দেশ উন্নয়নের রোল মডেল।’
শনিবার (৫ নভেম্বর) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘রাজনৈতিক ও দলীয় মতপার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, মো. জাহেরুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবুল হোসেন, সাইয়েদা নাইমা আক্তার সুরমা প্রমুখ। বিকালে মন্ত্রী কুড়িয়ানা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।