পটুয়াখালীতে নির্বাচনি ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এ সময় আটটি এবিএম মেশিন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টির ৫ নং কাজীর কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোট গণনার পর সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল মেনে না নিয়ে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় ভোটকেন্দ্রের বাইরে থাকা সমর্থকরাও কেন্দ্রে ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে তারা ভোটকেন্দ্রের ইভিএম মেশিন ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করতে সন্ধ্যা হয়ে যায়। ফলাফল ঘোষণা করে মালামাল নিয়ে ভোটকেন্দ্র ত্যাগের সময় এ ঘটনা ঘটে। ফলাফল বদলে দেওয়ার অভিযোগ তুলে এ হামলা চালান পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। ইভিএম মেশিন উদ্ধারসহ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
পানপট্রি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহৃদ সালেহীন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। হামলাকারীরা কেন্দ্রের নয়টি ইভিএম মেশিনের মধ্যে আটটি নিয়ে গেছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, সন্ধ্যার পর ভোট গণনা শেষে পরাজিত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ইভিএম মেশিন নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।ইভিএম মেশিন উদ্ধারে অভিযান চলছে পুলিশের।