পটুয়াখালীর কলাপাড়ায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে।
চাকামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাস্টার তার ধানের জমিতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে আজিম উদ্দিন ওই খেতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, খেতে বিদ্যুৎ সংযোগ কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।