ট্রেড লাইসেন্স না দেওয়ায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রসহ চার জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন নগরীর মুসলিম গোরস্থান রোড এলাকার বাসিন্দা এস এ এম রেজা তাহের।
আজ বিকালে মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন বিচারক রুবাইয়া আমেনা। মামলায় বিসিসি মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান কর্মকর্তা ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
বাদীর আইনজীবী আজাদ রহমান বলেন, ঢেউ টিন ও প্লেন শিট তৈরির জন্য নগরীর বিসিক শিল্প নগরীতে প্লট ৪১ নম্বরে মাসিক ১৮ হাজার টাকা ভাড়ায় এক লাখ টাকা অগ্রিম দিয়ে দুই হাজার বর্গফুট কারখানা ভাড়া করেন বাদী। তার ব্যবসা পরিচালনার জন্য বিসিসির ট্রেড লাইসেন্স দরকার হলে গত ১২ অক্টোবর আবেদন করেন। ওই শাখা এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নিলে ৩ নভেম্বর মেয়র বরাবর ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেন।
আবেদনের চার দিন অতিবাহিত হলেও বিবাদীরা কোনও ব্যবস্থা নেয়নি। এতে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধন হয় এবং ভবিষ্যতে আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
১৮ নভেম্বর বিসিসি কার্যালয়ে গিয়ে ট্রেড লাইসেন্স দাবি করলে বিবাদীরা তাকে ট্রেড লাইসেন্স না দেয়ার কথা জানিয়ে দেয়। এরপর মামলা করেন বাদী। বিচারক আদেশ দিতে এজাহারটি গ্রহণ করেছেন বলে জানান আইনজীবী আজাদ রহমান।