‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সংসদে থাকা দুঃখজনক’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা তার সন্তানেরা যদি সংসদে থেকে থাকে, সেটা খুবই দুঃখজনক। এটা স্বাধীন দেশের জন্য মর্যাদাহানিকর। তবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। জনগণ ভোট দিয়ে স্বাধীনতা বিরোধীদের নির্বাচিত করলে আমাদের কিছু করার থাকে না।’

শনিবার (১৮ ডিসেম্বর) বরগুনার সার্কিট হাউজ মাঠে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘জনগণের কাছে আমাদের অনুরোধ করবো, আগামীতে তারা যেন জনপ্রতিনিধি নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সতর্ক থাকেন।’

রাজাকারের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার মাত্র ২১ বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের থেকে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের চেতনা লালন না করা দলগুলো। ফলে দেশের সব সেক্টরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করা ব্যক্তিরা খুঁটি গেড়ে বসে ছিল। তারা রাজাকারের তালিকা তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বর্তমানে রাজাকারের তালিকা তৈরির জন্য সংসদে একটি আইন প্রস্তাব করা আছে। এটা অনুমোদিত হলে রাজাকারের তালিকা তৈরি করা হবে।’