সবজি বোঝাই নসিমন নিয়ে ফেরা হলো না শহিদুলের

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ট্রাক-নসিমন সংঘর্ষে ‍এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ জানুয়ারি) ভোরে আশোকাঠি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল খান উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের বাসিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার মাহিলাড়া থেকে নছিমনে সবজি নিয়ে ভূরঘাটা বাজার দিয়ে ফিরছিলেন নসিমন চালক মশিউর রহমান ও শ্রমিক শহিদুল খান। ভোর সাড়ে ৪টার দিকে আশোকাঠি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। 

তিনি আরও জানান, দুর্ঘটনায় নসিমনে থাকা দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শ্রমিক শহিদুলকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি ঘটনার পর পালিয়ে যায়।