পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নাম ভাঙিয়ে প্রতারণার নতুন ফাঁদ পেতেছে প্রতারক চক্র। প্রতিমন্ত্রী নাম ভাঙিয়ে হজে পাঠানোর কথা বলে ৭৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দাবি করে চক্রটি।
এ ঘটনায় বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফ মাহামুদ হিমু কাউনিয়া থানায় শুক্রবার (৪ মার্চ) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হিমু সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মধ্য চরআইচা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
হিমুর দাবি, গত ৩ মার্চ তার ঘনিষ্ঠজন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগমের ব্যবহৃত মোবাইল নম্বরে এক প্রতারক কল দেয়। এরপর কৌশলে তার নাম ও পেশা জেনে তাকে প্রতারক বলে, ‘আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। পানিসম্পদ প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে কিছু সংখ্যক লোককে সরকারিভাবে হজে পাঠানোর জন্য বাছাই করা হয়েছে। তার মধ্যে আপনিও একজন।’
হিমু বলেন, ‘বিষয়টি সত্য তা নিশ্চিত করার জন্য প্রতারক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলায়। সে কথা বলার আগে ‘‘প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলছি’’ বলে কথা শুরু করে। প্রতিমন্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তি খাদিজার কাছে ৭৫ হাজার টাকা বিকাশ করার জন্য বলে। এরপর ৩ মার্চ বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে বরিশাল সার্কিট হাউসে উপস্থিত থাকার জন্য বলা হয়। সেখানে সরকারিভাবে হজে যাওয়ার জন্য নির্বাচিত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ৬০ হাজার টাকার একটি চেক দেওয়া হবে। যত দ্রুত সম্ভব টাকা পাঠানোর তাগিদ দেয় প্রতারক চক্র।’
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খাদিজা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম পিন্টুর ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেন। তখন পিন্টু তাকে জানান, এটা প্রতারক চক্রের কাজ। এ ধরনের কোনও সিদ্ধান্তই হয়নি। তিনি ওই নারীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
কাউনিয়া থানার ওসি এ আর মুকুল বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে অভিযোগকারীর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ এ সময় ওসি এভাবে কেউ মোবাইলে কল করে বিকাশে টাকা চাইলে তা নিশ্চিত না হয়ে লেনদেন না করার আহ্বান জানান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘আমার বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত চক্রান্ত।’ এ ধরনের কোনও প্রলোভনে বরিশালবাসীকে না পড়ার আহ্বান জানান। তার নাম ভাঙিয়ে কেউ বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টে টাকা চাইলে সরাসরি প্রতিমন্ত্রীর মোবাইল নম্বরে কল দেওয়ার অনুরোধ করেন।