দাঁড়িয়ে থাকা সাংবাদিকের প্রাণ গেলো বেপরোয়া বাসের চাপায়

পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. হাসান পারভেজ (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের পাখিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের হাজী জয়নুল হক শিকদারের ছেলে। তিনি ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রির কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক সমকালের সাবেক কলাপাড়া প্রতিনিধি এবং কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারভেজ পাখিমারা এলাকার তার ভগ্নিপতি নজরুল ইসলামের বাড়িতে ছিলেন। সন্ধ্যায় ওই এলাকার মসজিদে মাগরিবের নামাজ শেষে তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুয়াকাটা থেকে আসা বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। এতে তার মাথার ডান পাশে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ সব সদস্যরা।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ বলেন, আমরা একজন প্রতিথযশা সাংবাদিক হারিয়েছি। তার চলে যাওয়াটা প্রেস ক্লাবের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।