ট্রলারডুবির ঘটনায় আরও ২ লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় রবিবার (১০ এপ্রিল) সকালে কালাবদর নদী থেকে এক শিশু ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনের ব্যবধানে মা-মেয়েসহ পাঁচ লাশ উদ্ধার হলো। রবিবার ইয়াসমিন (৪) ও মালা বেগমের (৩০) লাশ উদ্ধার হয়। এরআগে মাহেনুর বেগম ও তার মেয়ে নাসরিন এবং শিশু রোহানের (৪) লাশ উদ্ধার হয়। সবাই উপজলোর মাঝেরচর এলাকার বাসিন্দা।

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ঘটনাস্থলের ৮-১০ কিলোমিটার দূরবর্তী কালাবদর নদীতে লাশ দুটি ভাসতে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে স্বজনরা লাশ দুটি শনাক্ত করেন।

ওসি আরও বলেন, এরআগে মা-মেয়ে এবং এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচ লাশ উদ্ধার হলো। এ ঘটনায় এখন আর কোনও নিখোঁজ নেই।

গেল ৮ এপ্রিল ট্রলার রিজার্ভ করে ১৭ জনের একটি দল নতুন চর থেকে পুরাতন চরের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ নদীতে যাওয়ার পর ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় সেখানে থাকা কোস্টগার্ড যাত্রীদের উদ্ধার করে। একই সময় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। নিখোঁঁজ থাকে আরও তিন যাত্রী। গত দুদিনের ব্যবধানে তাদের লাশ উদ্ধার হয়েছে।