শপিংমলের আন্ডারগ্রাউন্ডে হাত-পা বাঁধা ব্যবসায়ী

পটুয়াখালীর গলাচিপা থেকে অপহরণের ২৬ ঘণ্টা পর  ব্যবসায়ী শিবু লাল দাসকে একটি শপিংমলের আন্ডারগ্রাউন্ড থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গাড়ি চালককেও উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার এসপি কমপ্লেক্স শপিংমলের আন্ডারগ্রাউন্ড থেকে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পরপরই শিবু লাল দাস ও তার গাড়িচালক মিরাজকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

অপহরণের বিষয়ে জানতে চাইলে শিবু লাল দাস বলেন, 'প্রশাসনের চেষ্টায় রক্ষা পেয়েছি। আমি শারীরিকভাবে অসুস্থ। পরে এ বিষয়ে বিস্তারিত বলবো।' 

পটুয়াখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যবসায়ীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।   

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, 'আমাদের কাছে খবর আসে পৌর শহরের এসপি কমপ্লেক্স শপিংমলের আন্ডারগ্রাউন্ডে দুই লোক হাত-পা  বাঁধা অবস্থায় পড়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।'

পুলিশ সুপার আরও বলেন, 'ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণের পরপরই থানা, জেলা পুলিশ এবং র‌্যাব অভিযান চালাতে শুরু করে। অপরহরণকারীরা তাকে এবং তার গাড়িচালককে শহরের বাইরে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমাদের তৎপরতায় তারা সেটা পারেনি। এ ঘটনায় জড়িতরা ছাড় পাবে না। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি আমরা। সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাদের গ্রেফতার করা হবে। তবে তারা কারা তা গ্রেফতারের পর জানানো হবে।'

সোমবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে আসার পথে শিবু লাল দাস অপহরণের শিকার হন। পরবর্তী সময়ে তার পরিবারের কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঙ্গলবার সকালে তার ব্যবহৃত মাইক্রোবাস বরগুনার আমতলী উপজেলার একটি তেলের পাম্প থেকে উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে একটি খেলনা পিস্তল ও চালকের জুতা উদ্ধার করা হয়।