আগৈলঝাড়ায় পুলিশের ওপর চেয়ারম্যান পুত্রের হামলা : আটক ২

বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে মামলার তদন্ত করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক এএসআই আহত হয়েছেন। আহত এএসআই এর  নাম মিজানুর রহমান। আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা খানের ছেলে ও দুই শ্যালক এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে পুলিশ ।
উপজেলা সদরের নগবাড়ি এলাকা থেকে এএসআইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের দুই শ্যালক কাওসার হাওলাদার ও নূর হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যানের আরেক শ্যালক আমীন হাওলাদারের বিরুদ্ধে সোমবার সকালে দুটি চাঁদাবাজির মামলা দায়ের করেন স্থানীয় ব্যবসায়ী উমেদ আলী। এর পরিপ্রেক্ষিতে ওই দিন দুপুরেই আমীন হাওলাদারকে আটক করা হয়। মামলা দায়েরের পর থেকে আসামির স্বজনরা বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে মৌখিকভাবে থানায় অভিযোগ করেন উমেদ আলী। এর পরিপ্রেক্ষিতে ও মামলাটি তদন্তের জন্য এএসআই মিজানুর রহমান মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরবাড়ি এলাকায় উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে যান। এসময় তার ছেলে শাহাবাজ খানসহ তার দুই শ্যালক অতর্কিতে হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে এএসআই মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নুরুল ও কাওসারকে আটক করলেও শাহাবাজ খান পালিয়ে গেছেন।
এ ঘটনায় মামলা হবে বলে জানান জেলা পুলিশ সুপার আখতারুজ্জামান।
আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান বলেন,‘শুনেছি পুলিশের সঙ্গে একটু বাকবিতণ্ডা হয়েছে। তবে ছেলেকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুরো ঘটনা জানি না।’
/জেবি/টিএন/আপ-এআর/