শিশু নির্যাতনের অভিযোগে বরগুনায় শিক্ষক আটক

শিশু কারিমাবরগুনার আমতলীতে কারিমা নামে দশ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী এক স্কুল শিক্ষককে আটক করা হয়। বুধবার অভিযুক্ত তানিয়া বেগমকে আটক করে আমতলী থানা পুলিশ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন।
আটক তানিয়া বেগম আমতলীর আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গৃহকর্মী কারিমার বাড়ি জেলার পাথরঘাটায়।
গৃহকর্মী কারিমার অভিযোগ, সোমবার সন্ধ্যায় গৃহকর্মীর শিশুকে কোলে না নেওয়ায় স্টিলের স্কেল ও রুটির বেলন দিয়ে তাকে মারধর করেন তানিয়া। পরে তাকে একটি ঘরে আটকে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সুযোগ পেয়ে ওই বাসা থেকে কারিমা পালিয়ে স্থানীয় এক কাউন্সিলরের বাসায় আশ্রয় নেয়।
কারিমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডান পায়ের গোড়ালির ওপর স্টিলের স্কেলের আঘাতে কেটে গেছে। বাম চোখের নীচে কালচে দাগসহ শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন।
অভিযুক্ত স্কুল শিক্ষক তানিয়া বেগম বলেন, কারিমাকে আমি কোনও নির্যাতন করিনি। ও ঘরের মেঝেতে আছাড় খেয়ে ব্যথা পেয়েছে।
ওসি জানান, শিশু নির্যাতনের খবর শোনার পরপরই আমরা অভিযুক্ত শিক্ষককে আটক করেছি। কারিমার মামা এ বিষয়ে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭০ ধারায় একটি মামলা করেছেন।
/জেবি/টিএন/এইচকে/