পটুয়াখালীতে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে জেলার পৃথক স্থানে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন- গলাচিপা পৌর শহরের শান্তিবাগ এলাকার মো. মোস্তফা হাওলাদার (৫০), একই উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে মো. মামুন প্যাদা (৩৮) ও একই উপজেলার চালিতবুনিয়া গ্রামের রোমান মুফতি (৩০)।
এদিকে, রাঙ্গাবালীতে বজ্রাঘাতে মোর্শেদা বেগম (৪০) নামে এক নারী আহত ও একটি গরুর মৃত্যু হয়েছে। পাশাপাশি কুয়াকাটায় মো. ফারুক (১১) নামে এক শিশু আহত ও একটি গরুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে আমন ধানের বীজ রোপণের সময় বজ্রাঘাতে মোস্তফার মৃত্যু হয়। নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে মামুনের মৃত্যু হয়। সাগরে মাছ শিকাররত অবস্থায় বজ্রাঘাতে রোমান গুরুতর আহত হন। তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে ফারুক গুরুতর আহত হয়। এ সময় একটি গরু মারা যায়। পাশাপাশি ঘর থেকে পুকুরে যাওয়ার সময় মোর্শেদা বেগম গুরুতর আহত হন। রাঙ্গাবালী উপজেলার কাজীর হাওলা গ্রামে মাঠে ঘাস খাওয়া অবস্থায় আনোয়ার প্যাদার একটি গরুর মৃত্যু হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তিন জন বজ্রাঘাতে মারা গেছেন। দুই জন আহত হয়েছেন। তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।