পটুয়াখালীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলমগীর খান (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে ভর্তি করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আলমগীর খান (৬৫) একই উপজেলার চাঁন মিয়া খানের ছেলে। পেশায় রাজমিস্ত্রি। ঘটনার পর থেকেই সে পলাতক।
ওই শিশুর মায়ের দাবি, আমাদের বাড়ি অন্য ইউনিয়নে। বুধবার দুপুরে আমার মেয়েকে নিয়ে পাশের ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। সন্ধ্যায় বাড়ির অন্য শিশুদের সঙ্গে একই বাড়ির আলমগীর খানের বাসায় টিভি দেখতে যায় আমার মেয়ে। পরে রাত ৮টার দিকে মেয়েকে বাসায় পেছনে নিয়ে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তার অবস্থার অবনতি হতে দেখে রাত ১০টার দিকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসা হয়।
পটুয়াখালী মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এইচ এম ফারহান বলেন, রাতে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন শিশুটি কাতরাচ্ছিল। গাইনি বিভাগে ভর্তি দিয়েছি। সেখানের যে ডাক্তার আছেন তারা চিকিৎসা দিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।