ভোলার চরফ্যাশন উপজেলায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় যুবদল-ছাত্রদলসহ দলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে যুবদল।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসায় এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম দীপু বলেন, ‘দুপুরে নাজিম উদ্দিন আলমের বাসায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম। আলোচনা চলা অবস্থায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে আমরা বাসা থেকে বেরিয়ে এলে হামলা চালানো হয়। এতে ১৫ নেতাকর্মী আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’
তবে অনুষ্ঠানে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি আল ইমরান বলেন, ‘হামলার কোনও ঘটনা ঘটেনি। আমরা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি অনুষ্ঠানে ছিলাম। দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দুই পক্ষের কোন্দল চলছে। কোন্দলের কারণে নিজেরা ঝামেলা করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় এখন কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’