বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ভোলা-বরিশাল রুটে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৭টার পর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। অপরদিকে বুধবার গভীর রাতে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে ভোলা-বরিশাল রুটে চলাচলকারী এমভি আওলাদ লঞ্চে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এমভি আওলাদ লঞ্চের মালিক ও ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিল অভিযোগ করেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মালিকানাধীন লঞ্চে ভাঙচুর চালায় ও লুটপাট করে।
লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মালিকরা গণমাধ্যমকে কিছুই জানাননি। তবে স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোসলেউদ্দিন বলেন, বিএনপির বরিশাল সমাবেশকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটতে পারে। এ ভয় থেকেই স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি রোগীদের আনা-নেওয়ার জন্য কিছু বোট চালু রয়েছে।
এদিকে সকাল থেকে দেখা গেছে বোট ও লঞ্চগুলোকে ঘাটে নোঙর করা অবস্থায় দেখা গেছে। অলস সময় পার করছেন শ্রমিকরা।