মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কামাল মাদবর (৫০) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।
শনিবার (০৭ জানুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় কয়েক ডজন বোমা বিস্ফোরণসহ বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর চালানো হয়।
কামাল মাদবর গাছবাড়িয়া গ্রামের সলেমান মাদবরের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার ও সাবেক চেয়ারম্যান মজিবর খানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় লাভলু তালুকদারের সমর্থক কামাল মাদবরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত কামালকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় নিহত কামাল মাদবরের পরিবার থেকে মামলা দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।