পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।
রিপন যশোরের চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।
রিপনের দ্বিতীয় স্ত্রীর বরাত দিয়ে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, রিপন সাভারের আশুলিয়ায় বাস করেন। শুক্রবার তার দ্বিতীয় স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে তার প্রথম স্ত্রীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী তাকে ওড়না দিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।