সাঁতার না জানা পর্যটককে ভাসিয়ে নিলো স্রোত, উদ্ধারে গিয়ে ডুবলেন বন্ধুও

কুয়াকাটা সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। ওয়াটার বাইকের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ঢাকার বসুন্ধরা থেকে দুই বন্ধু রাশিক (২৭) ও মেজবাহ উদ্দিন (২৮) শুক্রবার (২৬ মে) কুয়াকাটা এসে ওয়েস্টার্ন হোটেলে ওঠেন। শনিবার দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নামেন। এর মধ্যে একজন সাঁতার না জানার কারণে ঢেউ দূরে নিয়ে যায়। অন্য বন্ধু উদ্ধার করতে গেলে দুজনই ডুবে যেতে থাকেন। তাদেরকে জীবিত উদ্ধার করে পরে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

উদ্ধার কাজে সহায়তা করা লিটন বলেন, দুই পর্যটক ডুবে যাওয়ার সময় আমরা কাছেই ছিলাম। যার কারণে জীবিত উদ্ধার করতে পেরেছি। না দেখলে বড় ধরনে দুর্ঘটনা ঘটে যেত।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, সৈকতে থাকা আমাদের বক্স থেকে প্রতি ১০ মিনিট পরপর মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়। যারা সাঁতার জানেন না তাদেরকে গোসল করতে নিষেধ করা হয়। নিষেধ সত্ত্বেও তারা গোসলে নামেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এখন সুস্থ আছেন।