আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের সব ধরনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘নির্বাচনকালীন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে পুলিশ। দীর্ঘদিন ধরে নির্বাচনকালীন দায়িত্ব পালন করে আসছি আমরা। দায়িত্ব পালনে পুলিশের যে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ রয়েছে, তা সবার জানা। দুই লাখ ১২ হাজার লোকবল রয়েছে, লজিস্টিক রয়েছে, আইনিভাবে কী করা প্রয়োজন, সীমাবদ্ধতা কতটুকু; এসব বিষয়ে সব পুলিশ সদস্যকে ব্রিফ করা আছে। কাজেই নির্বাচনের সময় নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সে দায়িত্ব আমরা সর্বোচ্চ সক্ষমতা দিয়ে পালন করবো।’
রবিবার (২৭ আগস্ট) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বরিশালের ডিআইজি মো. জামিল হাসান, মহানগর পুলিশ কমিশনার (বিএমপি) মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ সভায় অংশ নিতে শনিবার (২৬ আগস্ট) রাতে বরিশালে আসেন পুলিশ মহাপরিদর্শক। রবিবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, আমরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেকোনো ধরনের নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, সেটি অনুসরণ করছে পুলিশ উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘পাহাড়ে, পার্বত্য অঞ্চলে কিংবা বনে; যেখানেই তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, সেখানেই অভিযান চালিয়েছে পুলিশ। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি। সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছি।’