ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বরগুনায় এসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে ভোট চেয়েছেন তার ছোট ভাই মিলন হাওলাদার। বুধবার বিকেলে হেলিকপ্টারে করে নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নেমে সেখানে আয়োজিত পথসভায় বড়ভাইয়ের পক্ষে ভোট চেয়েছেন তিনি। সভা শেষে একই হেলিকপ্টারে করে তিনিসহ অন্য আওয়ামী লীগ নেতারা ঢাকার উদ্দেশ্যে বরগুনা ত্যাগ করেন।
বুধবার (৯মার্চ) বিকাল ৪টা ২৩ মিনিটে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভা মঞ্চে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে ভোট চান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকট সুনাম দেবনাথ, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, নলটোনা আওয়ামী লীগের সভাপতি আলমগীর বিশ্বাস, সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহ আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। অবশ্য এসময় প্রার্থী হুমায়ুন কবির সেখানে উপস্থিত ছিলেন না।
পরে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের সমাবেশ বা মঞ্চ তৈরি করতে আমার কোনও সম্মতি ছিল না। স্কুল কর্তৃপক্ষ আমার ছোট ভাই মিলন হাওলাদারকে সংবর্ধনা দেওয়ার জন্যই এই আয়োজন করেছে। এর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।
এবিষয়ে নলটোনা ইউনিয়ন ও এম বালিয়াতলী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, এরকম কোনও সভা সমাবেশ হয়েছে বলে আমার জানা নেই । কে বা কারা হেলিকপ্টার যোগে এসেছে তাও আমি জানি না । সাংবাদিকদের কাছে এই ধরনের ঘটনার কথা শুনেছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।
/জেবি/টিএন/