বরিশালে রবিবার ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

বরিশাল নগ‌রী ও জেলায় রবিবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। শনিবার (২৭ জুলাই) রাতে বরিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার জিহাদুল ক‌বির ও জেলা প্রশাসক শ‌হিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, ‘জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল থাকবে।’

মেট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার বলেন, ‘রবিবার নগরীতে ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। তবে রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। কারফিউ শিথিল থাকাকালীন শান্তি শৃঙ্খলা ও জন‌নিরাপত্তার স্বা‌র্থে সকল প্রকার গণজমায়েত, মি‌ছিল ও জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

এদিকে, গত শনিবার থেকে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক দিনগুলোর মতো প্রতিদিন রাতে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল নৌবন্দর। একইভাবে ঢাকা সদরঘাট থেকেও লঞ্চ ছেড়ে আসছে বরিশাল নৌবন্দরে।