ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুই আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

ভোলায় যৌথবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে জেলার দৌলতখান উপজেলার খায়ের হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বুধবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটক তিন ডাকাত হলেন- আনোয়ার হোসেন, সোহেল আহমেদ ও হাসান আলী। তাদের সবার বাড়ি দৌলতখান উপজেলার খায়ের হাট বাজার এলাকায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা পেশাদার ডাকাত। তারা বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং চারপাশের চরে জেলে ও স্থানীয় সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিল। স্থানীয়রা সাহায্য চাইলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন খায়েরহাট এলাকায় একটি বাড়ি তল্লাশি করে আনোয়ার, সোহেল ও হাসান নামে চিহ্নিত তিন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজসহ, ১৫টি দেশীয় অস্ত্রসহ একটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা দেশীয় অস্ত্র ও সব আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়।