পটুয়াখালীর মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি পিন্টু ভদ্রের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের হয়ে থানা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৎস্য মার্কেটে গিয়ে প্রতিবাদ সভার মধ্যদিয়ে শেষ হয়।
এতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ নেন। মিছিলে ‘পিন্টুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘এই মুহূর্তে দরকার, পিন্টুর বহিষ্কার’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
এ সময় মহিপুর থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মজনু গাজী, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফয়সাল, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজিব, থানা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ আছে, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে আঁতাত করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যসহ নানা ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন শ্রমিক দলের ওই নেতা। গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলীয় পদ ব্যবহার করে তার বাহিনীর মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, দলখবাণিজ্য, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন।
অভিযোগের বিষয়ে জানতে মহিপুর থানা শ্রমিকদলের সভাপতি পিন্টু ভদ্রের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, ‘ব্যক্তি আক্রোশের কারণে তার বহিষ্কারের দাবিতে মিছিল করেছে একটি পক্ষ। মিছিল হলেই বহিষ্কার করা যায় না। তার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে সেগুলো নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করা হবে। সে অপরাধী প্রমাণিত হলে দল তার বিষয়ে সিদ্ধান্ত নিবে।’
পটুয়াখালী জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। আপনার মাধ্যমেই জানতে পারলাম। তার বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পেলে মূল দলের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’