ভোলার চরফ্যাশন উপজেলায় কনের বাড়িতে বরকে আমন্ত্রণ জানানোর গেটে টাকা কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বর মনির হোসেনসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ১৫ দিন আগে চর মানিকা ইউনিয়নের ভূঁইয়ার হাট এলাকার নুরে আলমের মেয়ে লিমা বেগমের সঙ্গে জাহানপুর ইউনিয়নের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের বিয়ে হয়। রবিবার দুপুরে ৪০ জন বরযাত্রী নিয়ে কনেবাড়িতে যান বর মনির হোসেনসহ অতিথিরা। বিয়েবাড়ির গেটের টাকা কম দেওয়া নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন বলেন, কনেপক্ষ ৫ হাজার টাকা দাবি করেছিল। তিন হাজার টাকা দিয়েছি আমরা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। হামলায় আমাদের পক্ষের ২০ জন আহত হয়েছেন।
কনের বাবা নুরে আলম বলেন, বিয়েবাড়ির গেটে বরকে নিয়ে সবাই আনন্দ করছিল। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠেন বরপক্ষের লোকজন। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমাদের পক্ষের ১০ সদস্য আহত হন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হোসেন রাসেল বলেন, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।